নব্বইয়ের দশকে বলিউড নির্মাতা রামগোপাল ভার্মা ও অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকরের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছিল। দীর্ঘদিন পর সেই সম্পর্ককে ঘিরে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এক প্রবীণ বলিউড সাংবাদিক দাবি করেছেন, প্রেমের সম্পর্কে থাকাকালে এই জুটি গোপনে বিয়েও করেছিলেন।
ইউটিউবার সিদ্ধার্থ কাননের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ জানান, দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর কাছ থেকেই তিনি প্রথম এ তথ্য শুনেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, ‘জেন্টলম্যান’ সিনেমার শুটিং চলাকালে চিরঞ্জীবী তাকে জিজ্ঞাসা করেছিলেন, রামগোপাল ভার্মা ও ঊর্মিলার বিয়ের খবর কেন তিনি প্রকাশ করেননি।
জ্যোতি ভেঙ্কটেশ বলেন, বিষয়টি জানতে চাইলে চিরঞ্জীবী দাবি করেন, অন্ধ্র প্রদেশের একটি মন্দিরে তাদের বিয়ে হয়েছিল। এমনকি বিয়ে সম্পন্ন করা পুরোহিতের যোগাযোগের তথ্যও তাকে দেওয়া হয়েছিল।
তবে সংবাদ প্রকাশের আগে বিষয়টি যাচাই করতে ঊর্মিলা মাতন্ডকরের সঙ্গে যোগাযোগ করেন তিনি। সাংবাদিকের দাবি, বিষয়টি শুনে ঊর্মিলা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং এমন খবর প্রকাশ না করার অনুরোধ জানান।
তিনি আরও জানান, রামগোপাল ভার্মার কাছ থেকেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছিলেন, তবে নির্মাতা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
জ্যোতি ভেঙ্কটেশের দাবি, সম্পর্কের শেষ পর্যায়ে ঊর্মিলা আইনগতভাবে বিয়ের স্বীকৃতি চাইছিলেন। কিন্তু রামগোপাল ভার্মা তখন সে সিদ্ধান্তে প্রস্তুত ছিলেন না। এই মতপার্থক্যের কারণেই শেষ পর্যন্ত তাদের বিচ্ছেদ ঘটে বলে তিনি দাবি করেন।
নব্বইয়ের দশক থেকে ২০০০ সালের শুরুর দিক পর্যন্ত রামগোপাল ভার্মা ও ঊর্মিলা মাতন্ডকর একসঙ্গে বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় কাজ করেন। এর মধ্যে ‘রঙ্গিলা’, ‘দাউদ’, ‘সত্য’ এবং ‘প্যায়ার তুনে ক্যায়া কিয়া’ উল্লেখযোগ্য।
তাদের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে সে সময় বলিউডে ব্যাপক আলোচনা ছিল। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল, এই সম্পর্কের প্রভাব রামগোপাল ভার্মার তৎকালীন স্ত্রী রত্না ভার্মার সঙ্গে তার দাম্পত্য জীবনেও পড়েছিল।
পরবর্তীতে নিজের আত্মজীবনী Guns and Thighs: The Story of My Life-এ ঊর্মিলা মাতন্ডকরের প্রতি নিজের মুগ্ধতার কথা অকপটে স্বীকার করেন রামগোপাল ভার্মা। ‘Women in My Life’ শিরোনামের একটি অধ্যায় তিনি ঊর্মিলাকে উৎসর্গ করেন। সেখানে তিনি লেখেন, ঊর্মিলার ব্যক্তিত্ব ও সৌন্দর্যে মুগ্ধ হয়েই তাকে ‘রঙ্গিলা’ ছবির প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন।
তবে রামগোপাল ভার্মা ও ঊর্মিলা মাতন্ডকরের গোপন বিয়ের দাবি সম্পর্কে এখন পর্যন্ত সংশ্লিষ্ট দুই তারকার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
সূত্র: এনডিটিভি।
প্রতিবেদকের নাম 




















