বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মোট ৫৭৩ জন ভোটার আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে নির্ধারিত সময় শেষে ভোটার উপস্থিত থাকলে সময় বাড়ানো হতে পারে।
প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটের শুরুতেই ২০ শতাংশের বেশি ভোট পড়েছে।
জুমার নামাজের জন্য দুপুরে এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হলেও বিরতির পর আবারও ভোটারদের উপস্থিতি বাড়ে। সকাল থেকেই এফডিসি প্রাঙ্গণে প্রার্থী, সমর্থক ও ভোটারদের সরব উপস্থিতি ছিল।
এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দুটি পূর্ণাঙ্গ প্যানেল এবং ছয়জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি প্যানেলে সভাপতি পদে আরমান ও সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি এবং অন্য প্যানেলে সভাপতি পদে শিবা শানু ও সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটগ্রহণ শেষে রাতেই ভোট গণনা শুরু হবে। পরে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে।
প্রতিবেদকের নাম 


























