ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনির জন্মদিনের আয়োজনে এবার বিশেষ স্থান পেয়েছে শিউলি ফুল। পুরো সাজসজ্জায় এই ফুলের আবহ তৈরি করতে চেয়েছিলেন তিনি। আর সেই আয়োজনের জন্য চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছেন এক ভক্ত বা শুভাকাঙ্ক্ষী।
শনিবার (২৪ অক্টোবর) ছিল পরীমনির জন্মদিন। এ উপলক্ষে সন্ধ্যায় ঘনিষ্ঠ বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। অনুষ্ঠানের ভেন্যুর সিঁড়ি সাজানো হয় শিউলি ফুল দিয়ে। এমনকি অভিনেত্রীর পরনের শাড়িতেও ছিল শিউলি ফুলের নকশা।
জন্মদিনের সাজসজ্জায় শিউলি ফুল বেছে নেওয়ার কারণ জানিয়ে পরীমনি বলেন, অক্টোবর মাসের ফুল হিসেবে শিউলির কথাই প্রথমে তাঁর মনে এসেছিল। সেই ভাবনা থেকেই জন্মদিনের আয়োজনটি শিউলি ফুল দিয়ে সাজানোর পরিকল্পনা করেন তিনি।

এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, শিউলি ফুলের জন্য তিনি ফেসবুকেও পোস্ট দিয়েছিলেন। তবে এত ফুল একসঙ্গে জোগাড় করা সহজ ছিল না। পরীমনি বলেন, একজন তাঁকে চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছেন।
তবে বিমানে করে ফুল পাঠানো হলেও সব ফুল ব্যবহার করতে পারেননি তিনি। পরীমনির ইচ্ছা ছিল, পুরো আয়োজনকে শিউলি ফুলের বাগানের মতো সাজিয়ে তোলার। বাস্তবতার কারণে তা পুরোপুরি সম্ভব হয়নি। তাই সাজসজ্জার পাশাপাশি নিজের পোশাকেও শিউলি ফুলের ছোঁয়া রেখেছেন এই অভিনেত্রী।
জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত পরীমনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘদিন ধরে দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যেভাবে তাঁর পাশে থেকেছেন, ভালোবাসা দিয়েছেন এবং আশীর্বাদ করেছেন, তা তাঁর কাছে বিশেষ বলে উল্লেখ করেন তিনি।
পরীমনি বলেন, সবার ভালোবাসার প্রতিদান হিসেবে তিনি ভালো ভালো কাজ উপহার দিতে চান। এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী।
এদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ অভিনয় করেছেন তিনি। সিনেমাটিতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ।
সূত্র: দৈনিক ইত্তেফাক
প্রতিবেদকের নাম 






















