গোপালগঞ্জের কাশিয়ানীতে নিজের মালিকানাধীন বাসের চাপায় এনায়েত শেখ (৬০) নামে এক বাস মালিক নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনায়েত শেখ কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা এনায়েত শেখের মালিকানাধীন জিএমএস পরিবহণের একটি বাস মাঝিগাতী বাসস্ট্যান্ডে পৌঁছে ব্রেক করে। এ সময় পেছন থেকে নড়াইল এক্সপ্রেসের আরেকটি বাস সেটিকে ধাক্কা দেয়।
ধাক্কায় বাসের দরজার কাছে দাঁড়িয়ে থাকা এনায়েত শেখ ছিটকে সড়কে পড়ে যান। এ সময় নিজের বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট নৃপেন দাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিবেদকের নাম 

























