জয়পুরহাটের ক্ষেতলালে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মামুদপুর ইউনিয়নের আহ্বায়ক এমএইচ নুরুন্নবী ওরফে রতন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মামুদপুর ইউনিয়নের চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সমানতাহার গ্রামের মৃত তোফাজ্জল হোসেন চৌধুরীর ছেলে।
পুলিশ জানায়, গত ১৪ নভেম্বর ক্ষেতলাল থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি এমএইচ নুরুন্নবী। নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ ছাড়া মোবাইল ফোন, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলম জানান, গ্রেফতারের পর সোমবার (১৬ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে একই মামলার প্রধান আসামি নিষিদ্ধ ছাত্রলীগের পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মেহেদী হাসান সনিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি ইটাখোলা বাজার এলাকার মোফাজ্জলের ছেলে।
প্রতিবেদকের নাম 

























