জীবনে প্রথমবারের মতো দেশের বাইরে যাচ্ছেন আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান। চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে পেরে নিজের অনুভূতির কথাও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন আমজনতা দলের এই নেতা।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্যসহ অন্যান্য সফরসঙ্গী।
রোববার দিবাগত রাত ১২টা ৭ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রথমবার বিদেশ সফরে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান।
পোস্টে তিনি লেখেন, ‘আমার চার সিট আগেই মাননীয় প্রধানমন্ত্রীর সিট, সফরসঙ্গী সবাই বসলাম। আল্লাহু আকবর বলল বিমানের মাইকে। হালকা ঝাঁকুনি।’
আরেক অংশে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের পথে। শুকরিয়া মহান আল্লাহর নিকট। কৃতজ্ঞতা ও ভালোবাসা সবাইকে।’
প্রধানমন্ত্রীর চার দিনের এ সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রতিবেদকের নাম 























