
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউনেসকো-র একটি প্রতিনিধিদল।
বুধবার (৬ মে) রাজধানীতে ডেপুটি স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে নেতৃত্ব দেন ইউনেসকোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুজান ভাইজ। সাক্ষাৎকালে শিক্ষা, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা হয়।
সংসদ সচিবালয়ের তথ্যমতে, বৈঠকে ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশের সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা কোনোভাবেই সেই স্বাধীনতার আওতায় পড়ে না। এ বিষয়ে সংসদ সদস্য ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, ইউনেসকোর শিক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তিভিত্তিক বিভিন্ন কর্মসূচি থেকে দেশের শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে। পাশাপাশি সাইবার অপরাধ ও নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
অন্যদিকে ইউনেসকো প্রতিনিধিদল জানায়, গণমাধ্যম উন্নয়ন, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং), সাংবাদিকতার মানোন্নয়ন এবং নাগরিকদের তথ্যপ্রাপ্তির সক্ষমতা বৃদ্ধিতে তারা বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যেতে আগ্রহী।
বৈঠকটি ভবিষ্যতে বাংলাদেশ ও ইউনেসকোর মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
প্রতিবেদকের নাম 




















