বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের কল্যাণ সংস্থা রাওয়া।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাওয়ার নেতারা উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনে তাহসিফের বাসায় গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎ শেষে রাওয়ার যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম সাংবাদিকদের বলেন, তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিমের সঙ্গে তাঁদের কথা হয়েছে। পরিবারের সদস্যরা শোকের মধ্যে থাকায় অনেক কিছু করার ইচ্ছা থাকলেও তা সম্ভব হয়ে উঠছে না—এমন পরিস্থিতিতে তাঁরা কী ধরনের সহায়তা করতে পারেন, তা জানতে চেয়েছেন।
তিনি জানান, তাহসিফের বাবা তাঁদের বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা ঘটনাটি তদন্ত করছে। মাঠপর্যায়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনার কাজ চলছে।
আবু নওরোজ খুরশিদ আলম বলেন, তাহসিফের মৃত্যু অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের জন্যও অত্যন্ত কষ্টের। তাঁরা আশা করছেন, দ্রুত ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডিফেন্স কমিউনিটির সদস্যরাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত তদন্ত শেষ করে যথাযথ পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা করছেন।
তিনি আরও জানান, রাওয়ার পক্ষ থেকে তাহসিফের শোকসন্তপ্ত পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
এ সময় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর আল আমিন বলেন, তাঁরা ঘটনাটি নিয়ে নজর রাখবেন এবং কীভাবে এর বিচার ও প্রকৃত ঘটনা উদঘাটিত হয়, তা পর্যবেক্ষণ করবেন। তিনি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং তদন্তে যাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাঁদের বিচার দাবি করেন।
প্রতিবেদকের নাম 






















