সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ, গোয়েন্দা শাখা (ডিবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থলে যায়।
ঘটনার পর গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঘটনার সময় তাঁরা ফ্ল্যাটে ছিলেন কি না, সে বিষয়ে তদন্তের স্বার্থে পুলিশ কোনো তথ্য দেয়নি।
পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরিয়মের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে সিআইডি ও পিবিআই।
মরিয়মের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। পুলিশ জানিয়েছে, তদন্ত ও ময়নাতদন্তের ফলাফলের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
প্রতিবেদকের নাম 



















