রাজধানীর পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার সেকশন-১২-এর আলোব্দি এলাকার ঝিলপার বস্তি সংলগ্ন পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
মিছিলের প্রস্তুতির অভিযোগ
পুলিশের ভাষ্য, ওই এলাকায় প্রায় ১০০ জন ব্যক্তি ঝটিকা মিছিল করার উদ্দেশ্যে জড়ো হওয়ার চেষ্টা করছিলেন। খবর পেয়ে পল্লবী থানার সব মোবাইল পেট্রোল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়ো হওয়া ব্যক্তিরা বিভিন্ন দিকে ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাসেল (৩০), সবুজ (২৪), আল-আমিন (২৯), মুসা (১৮), রিজু হোসেন (২৫), আলিফ হোসেন (২৭), জীবন (২০), রাহাত (১৯), রনক তালুকদার (১৯), রাসেল (২১), ইমন (১৮), দিপু দাস (১৯) ও তামিম মোল্লা (২২)।
আদালতে পাঠানো হয়েছে
শুক্রবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির।
তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের জন্য সমবেত হওয়ার চেষ্টা করছিলেন। খবর পেয়ে পুলিশের মোবাইল পেট্রোল টিম ঘটনাস্থলে গেলে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় ১৩ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
ওসি জানান, পরে তাদের পল্লবী থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিবেদকের নাম 

























