জার্মানির ফ্রাঙ্কফুর্টে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের জনগণের উদ্দেশে দেওয়া ‘স্বাধীনতা পুরস্কার’ গ্রহণ করেছেন দেশটির ক্ষমতাচ্যুত শেষ শাহর ছেলে রেজা পাহলভি। শনিবার তাঁর এই পুরস্কার গ্রহণ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সমালোচকেরা আয়োজনটিকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
জার্মান পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রায় ১৮ হাজার সমর্থক পুরোনো আমলের ইরানি পতাকা হাতে বিভিন্ন স্লোগান দিয়ে ফ্রাঙ্কফুর্টে পাহলভিকে স্বাগত জানান। জার্মানির উদারপন্থী দল এফডিপি-ঘনিষ্ঠ সংগঠন ফ্রেডরিখ নউমান ফাউন্ডেশন এই পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করে।
জার্মানির প্রথম নির্বাচিত পার্লামেন্টের (১৮৪৮-১৮৪৯) ঐতিহাসিক মিলনস্থল সেন্ট পলস চার্চে দাঁড়িয়ে পাহলভি বলেন, ইরান এমন কোনো দেশ নয়, যাকে নতুন করে গণতন্ত্র শেখাতে হবে। বরং দেশটিকে জোর করে গণতন্ত্র চর্চা থেকে দূরে রাখা হয়েছে।
উপস্থিত জনতার করতালির মধ্যে তিনি বলেন, যে দেশের মানুষ শুধু ভোটের অধিকার পাওয়ার জন্য প্রাণ দিতে প্রস্তুত, তারা সেই অধিকার প্রয়োগ করতেও পুরোপুরি সক্ষম।
ইরানে দমন-পীড়ন ও নিহতদের স্বজনদের উপস্থিতি
গত বছরের শেষ দিকে ইরানে বড় ধরনের গণবিক্ষোভ শুরু হয়, যা চলতি বছরের জানুয়ারিতে দেশটির নিরাপত্তা বাহিনীর কঠোর দমন-পীড়নে থেমে যায়। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার দাবি, ওই দমন-পীড়নে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
অনুষ্ঠানে সহিংসতায় নিহত ব্যক্তিদের কয়েকজন স্বজনও উপস্থিত ছিলেন। তাঁদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পাহলভি। আয়োজক ফাউন্ডেশনের উদ্দেশে তিনি বলেন, ‘স্বাধীনতা’ শব্দটির অর্থ এর চেয়ে ভালোভাবে বোঝে—এমন কোনো জাতি আপনারা আর খুঁজে পাবেন না।
ফ্রাঙ্কফুর্টের রাস্তায় ব্যাপক সমর্থন পেলেও পাহলভির পুরস্কার গ্রহণকে সবাই ইতিবাচকভাবে দেখেননি। তাঁর বাবা মোহাম্মদ রেজা পাহলভি ছিলেন ইরানের শেষ শাহ। সমালোচকদের কাছে তিনি একজন স্বৈরাচারী শাসক হিসেবে পরিচিত। ১৯৭৯ সালে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে দেশ ছাড়েন তিনি। পরে ইরানে ইসলামপন্থীদের শাসন প্রতিষ্ঠিত হয়।
এ ছাড়া ইসরায়েলের প্রতি পাহলভির প্রকাশ্য সমর্থন এবং বাবার শাসনামলের স্বৈরাচারী শাসনব্যবস্থা থেকে নিজেকে পুরোপুরি দূরে রাখতে না পারার অভিযোগেও সমালোচনার মুখে পড়েছেন তিনি।
অতীতের স্বৈরশাসনের প্রতীক হিসেবে দেখছেন সমালোচকেরা
হেস অঙ্গরাজ্যের সোসাইটি ফর জার্মান-ইরানিয়ান্সের মুখপাত্র সাহার সানাই বলেন, বর্তমানে ইরানের কারাগারে থাকা প্রায় ২০০ বন্দি পাহলভির এই পুরস্কার পাওয়ার প্রতিবাদে একটি চিঠিতে স্বাক্ষর করেছেন। তাঁদের মতে, পাহলভি অতীতের ‘স্বৈরাচারের প্রতীক’।
জার্মানির মধ্য-বামপন্থী দল এসপিডি ও গ্রিনস পার্টির ফ্রাঙ্কফুর্ট শাখা অনুষ্ঠানটি বয়কট করে। দল দুটির বক্তব্য, পাহলভিকে কোনোভাবেই ইরানি জনগণের বৈধ প্রতিনিধি বলা যায় না।
অন্যদিকে, উগ্র বামপন্থী দল ডি লিঙ্কের ফ্রাঙ্কফুর্ট শাখা বলেছে, ঐতিহাসিক এই গির্জায় কোনো রাজনৈতিক অনুষ্ঠান আয়োজন করা উচিত হয়নি। কারণ, শহরের নিয়ম অনুযায়ী উপাসনালয়টিতে রাজনৈতিক কর্মসূচি পালন নিষিদ্ধ।
শনিবারের অনুষ্ঠানে পাহলভি বলেন, তিনি নিজের জন্য এই পুরস্কার গ্রহণ করছেন না। ইরানে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তিনি কেবল একজন ‘জিম্মাদার’ হিসেবে এটি নিজের কাছে রাখবেন।
তিনি বলেন, ‘আমি এটি সাময়িকভাবে রাখছি। একদিন আমি এটি কোনো ভিনদেশি মাটিতে নয়, বরং রাজধানী তেহরানে গিয়ে এর আসল মালিকদের হাতে তুলে দেব।’
প্রতিবেদকের নাম 























