কবি সুফিয়া কামালের জ্যেষ্ঠপুত্র, প্রবীণ সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শাহেদ কামাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টায় রাজধানীর শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রবাসে অবস্থানরত তার বোন সুলতানা কামাল জানান, রোববার (৫ জুলাই) জোহরের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে মা সুফিয়া কামালের কবরের পাশে তাকে দাফন করা হবে।
শাহেদ কামাল নটরডেম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ১৯৫৭ সালে সাংবাদিকতা পেশায় যোগ দেন। তিনি তৎকালীন পাকিস্তান অ্যাসোসিয়েটেড প্রেসে (এপিপি) কর্মজীবন শুরু করেন। স্বাধীনতার পর বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এ কর্মরত ছিলেন। পাশাপাশি স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যক্তিগত জীবনে শাহেদ কামাল অবিবাহিত ছিলেন। তিনি বাংলাদেশের স্কাউট আন্দোলনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ধ্রুপদি সংগীত, চারুকলা, সাহিত্য এবং রাজনৈতিক ও সামাজিক ইতিহাস বিষয়ে তার গভীর জ্ঞান ও আগ্রহের জন্য তিনি সুপরিচিত ছিলেন।
প্রতিবেদকের নাম 




















