চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সজীব (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মুহাম্মদ রায়হান নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত সজীব একজন কনটেন্ট ক্রিয়েটরের সহযোগী হিসেবে কাজ করতেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার আজাদী বাজারসংলগ্ন হেয়াকো-গইয়রা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ইউনিয়নের মনু বাড়ির মোহাম্মদ রফিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আজাদী বাজার এলাকায় একটি সংবাদ সম্মেলন শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তাঁরা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সংবাদ সম্মেলন শেষে সাংবাদিক রায়হানসহ তিনজন দুটি মোটরসাইকেলে করে ফিরছিলেন। রায়হানের মোটরসাইকেলে ছিলেন সজীব। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয় এবং রায়হান গুরুতর আহত হন।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী মো. ইব্রাহিম জানান, হাসপাতালে নেওয়ার আগেই সজীবের মৃত্যু হয়। তাঁর মাথায় গুরুতর আঘাত ছিল। আহত রায়হানকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিবেদকের নাম 

























