
রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতদের একজন পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের নাগরিক।
শুক্রবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে বনানীর আমতলী মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাওয়ের চালক খালেদ সাইফুল্লাহ (৩৮) এবং সিয়েরা লিওনের নাগরিক মাইকেল (৩৬)।
বনানী থানার এসআই তারেক হাসান জানান, খালেদ সাইফুল্লাহ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার মোহাম্মদ রফিক উল্লাহর ছেলে। তিনি মোটরসাইকেলে রাইড শেয়ারিংয়ের কাজ করতেন।
পুলিশ জানায়, মাইকেল কানাডিয়ান ইন্টারন্যাশনালের শিক্ষক ছিলেন। তিনি মিরপুর-২-এর জনতা হাউজিং এলাকায় থাকতেন। তার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। দুর্ঘটনার দিন শুক্রবার তিনি কর্মস্থল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। পরদিন শনিবার তার নিজ দেশে ফিরে যাওয়ার কথা ছিল।
এসআই তারেক হাসান জানান, শুক্রবার রাতে তেজগাঁও থেকে পাঠাওয়ের মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন মাইকেল। মোটরসাইকেলটি বনানীর আমতলী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি নিয়ে চালক পালিয়ে যান। তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রতিবেদকের নাম 




















