বরিশাল নগরীতে ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে চার ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে রাস্তার ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে।
রোববার (২৮ জুন) দুপুরে নগরীর চরকাউয়া খেয়াঘাট এলাকায় বিসিসির প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সিটি কর্পোরেশন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চরকাউয়া খেয়াঘাট এলাকায় কিছু ব্যবসায়ী ফুটপাত ও জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করায় স্থানীয় বাসিন্দা ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়ছিলেন। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানকালে ফুটপাত ও রাস্তা দখল করে জনচলাচলে বিঘ্ন সৃষ্টির সত্যতা পাওয়ায় চার ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
জরিমানার পাশাপাশি রাস্তার ওপর থাকা সব অবৈধ স্থাপনা তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করে পথচারীদের চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
অভিযান শেষে প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান বলেন, জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের উচ্ছেদ ও সচেতনতামূলক অভিযান নিয়মিত পরিচালিত হবে। কোনো অবস্থাতেই ফুটপাত বা সড়ক দখল করে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া হবে না।
প্রতিবেদকের নাম 


























