নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক ও বাজার স্থিতিশীল রাখতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৮ হাজার কোটি টাকার পণ্য কেনার পরিকল্পনা করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
এই পরিকল্পনার আওতায় ভোজ্যতেল, মসুর ডাল ও চিনির পাশাপাশি ছোলা ও খেজুরও সংগ্রহ করবে সংস্থাটি। প্রাথমিকভাবে এসব পণ্যের প্রায় অর্ধেক দেশীয় বাজার এবং বাকি অর্ধেক আন্তর্জাতিক বাজার থেকে কেনার পরিকল্পনা রয়েছে।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে দাম ও সরবরাহের সুযোগ বেশি প্রতিযোগিতামূলক ও নির্ভরযোগ্য হলে বিদেশ থেকে পণ্য সংগ্রহের পরিমাণ বাড়ানো হতে পারে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের ক্রয় পরিকল্পনায় রয়েছে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার মেট্রিক টন চিনি, ১৪ হাজার মেট্রিক টন ছোলা এবং ৪ হাজার ৪০০ মেট্রিক টন খেজুর।
পণ্যের সরবরাহ যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে জন্য মাসভিত্তিক চাহিদা, বরাদ্দ, গুদামের মজুত এবং পাইপলাইনে থাকা পণ্যের তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করছে টিসিবি।
মজুত ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে গুদামের সক্ষমতাও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে টিসিবির ৪০টি গুদাম রয়েছে। এর মধ্যে ৯টি নিজস্ব এবং ৩১টি ভাড়ায় পরিচালিত। সব মিলিয়ে এসব গুদামের ধারণক্ষমতা প্রায় ৪৮ হাজার ৩৭০ মেট্রিক টন।
টিসিবির চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, বর্তমানে সংস্থাটির মজুত পরিস্থিতি সন্তোষজনক। নিত্যপণ্যের প্রাপ্যতা নিশ্চিত করার পাশাপাশি সরকারি সহায়তায় পণ্য পাওয়া ভোক্তাদের জন্য ক্রয় ও মজুত ব্যবস্থাপনা আরও জোরদার করা হচ্ছে।
সরকারি ভর্তুকির ওপর নির্ভরতা কমানোর উদ্যোগও নেওয়া হয়েছে। প্রতিযোগিতামূলক দামে পণ্য কিনে কিছু পণ্য সামান্য মুনাফায় বিক্রির মাধ্যমে ভর্তুকি নির্ভরতা কমাতে চায় টিসিবি।
এদিকে ভোজ্যতেল, ডাল ও চিনির পাশাপাশি পরীক্ষামূলকভাবে সাবান, ডিটারজেন্ট ও লবণ বিক্রি শুরু করেছে সংস্থাটি। ভবিষ্যতে আটা, বিভিন্ন মশলা, মরিচ ও হলুদও পণ্যের তালিকায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
টিসিবির তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৮০ লাখ স্মার্ট কার্ড অনুমোদিত হয়েছে। এর মধ্যে প্রায় ৭৫ লাখ কার্ড বিতরণ করা হয়েছে। বাকি সুবিধাভোগীদের আগামী পবিত্র ঈদুল ফিতরের আগে স্মার্ট কার্ড দেওয়ার আশা করা হচ্ছে।
প্রতিবেদকের নাম 




















