গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টির পর মঙ্গলবার রাজধানী ঢাকার আকাশ অনেকটাই পরিষ্কার ও উজ্জ্বল দেখা গেছে। তবে কিছু সময় রোদের দেখা মিললেও পরে আবারও আকাশ মেঘে ঢেকে যায়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি প্রায় একই রকম থাকতে পারে। তবে এরপর আবারও বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। দিনের শেষভাগে ঢাকায় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, ২৪ ঘণ্টায় ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত হলে তা মাঝারি ধরনের ভারী বর্ষণ হিসেবে বিবেচিত হয়।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, আগামী শুক্রবারের পর থেকে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। তবে সাম্প্রতিক সময়ের মতো অতি ভারী বর্ষণের সম্ভাবনা খুবই কম।
তিনি বলেন, “বর্ষাকালে মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হলে সাধারণত বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে যায়। এবারও একই কারণে অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। জুলাই মাস এমনিতেই দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের মাস।”
তিনি আরও জানান, জুলাই মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি তুলনামূলক দুর্বল হতে পারে এবং এর প্রভাবে অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কম।
প্রতিবেদকের নাম 

























