বিগত সরকারের প্রধান শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হ্যান্ডকাফ পরেই দেশে ফিরতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, দেশের জনগণ কোনো অন্যায়কে ছাড় দেবে না। বিগত সরকারের প্রধানকে বিচারের মুখোমুখি করতে হ্যান্ডকাফ পরেই দেশে আসতে হবে।
সিপাহি-জনতার বিপ্লব এবং জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র ও ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিল।
বিগত সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, যারা দেশের লক্ষ-কোটি টাকা পাচার করেছে এবং গণহত্যা চালিয়ে দেশ ছেড়ে পালিয়েছে, তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। ২০২৪ সালের ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের অর্জন কোনোভাবেই নস্যাৎ হতে দেওয়া হবে না।
স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, নান্দাইলে ইতোমধ্যে ১৮৬টি রাস্তায় সোলিং করা হয়েছে। আরও ১০৪টি রাস্তার অনুমোদন পাওয়া গেছে এবং রাস্তা সংস্কারের জন্য সাড়ে ১১ কোটি টাকা বরাদ্দ আনা হয়েছে। পাশাপাশি গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, কালভার্ট তৈরি এবং ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে।
সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিহত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
নান্দাইল উপজেলা বিএনপির সদস্যসচিব এনামুল কাদিরের সঞ্চালনায় সমাবেশে দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায় ও এমএ সালামসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
প্রতিবেদকের নাম 

























