নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির আলোচিত সিনেমা ‘বহুরূপী’র প্রায় দুই বছর পর আবারও ‘ঝিমলি’ চরিত্রে দর্শকের সামনে হাজির হচ্ছেন টালিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। এবার তাকে দেখা যাবে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সিনেমায়। আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
মুক্তির আগে সিনেমাটির প্রচারণায় ভিন্ন এক অবতারে হাজির হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কৌতূহল তৈরি করেছেন কৌশানী। এবার তাকে দেখা গেছে একেবারে মাছওয়ালির বেশে।
প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, চুল শক্ত করে খোঁপা করা, সাধারণ শাড়ি পরা এবং শ্যামলা মেকআপে পুরোপুরি ডি-গ্ল্যাম লুকে কৌশানীকে চেনাই কঠিন। হাতে বড় বড় মাছ নিয়ে তিনি মাছবাজারের বিক্রেতাদের মতো ক্রেতাদের ডাকছেন।
শুধু মাছ বিক্রির অভিনয় নয়, মাছ কাটতেও দেখা যায় তাকে। বড় মাছ বটির ওপর রেখে কাটতে গিয়ে বেশ হিমশিম খেতে হয় অভিনেত্রীকে। একপর্যায়ে মজার ছলে কৌশানী বলেন, ‘দুটো টাকার জন্য কত কী করতে হয়! জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে।’
ভিডিওতে অ্যাকশনের সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে বাজারের হকারদের মতো গলা ফাটিয়ে মাছ বিক্রির হাঁকও দিতে দেখা যায় তাকে। ‘দুশো দুশো, সিলভার দুশো! বড় মাছ, টাটকা মাছ! বাড়িতে সবাই খুশি হবে, নিয়ে যান, নিয়ে যান’—এভাবেই ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করেন তিনি।
শুটিং দ্রুত শেষ করার অনুরোধ জানাতেও দেখা যায় কৌশানীকে। পুরো আয়োজনটি সিনেমাটির প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
প্রতিবেদকের নাম 

























