
লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি আগামী এক মাসের জন্য মাদক ও জুয়া আইনে গ্রেপ্তার হওয়া কোনো আসামির জামিন আবেদন পরিচালনা বা আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, মাদক, জুয়া, যৌতুক, বাল্যবিবাহ ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর ঘোষিত ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সমিতির নেতারা জানান, সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা, তরুণদের অপরাধপ্রবণতা থেকে ফিরিয়ে আনা এবং সামাজিক অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখাই এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। পাশাপাশি রাষ্ট্রের ইতিবাচক সব উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কে এম হুমায়ুন রেজা (স্বপন)। এ সময় সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম (রফিক), সমিতির অন্যান্য সদস্য এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 


























