মৌলভীবাজারের রাজনগর উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক মা ও তার ছেলে নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) রাতে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের গয়াসপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার বড়দল গ্রামের বাসিন্দা ফরিদা বেগম (৪৫) এবং তার ছেলে জুবের মিয়া (১৮)। ফরিদা বেগম শাহ ইদ্রিস আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মুন্সিবাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন মা-ছেলে। পথে গয়াসপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফরিদা বেগম ও জুবের মিয়াকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল মালিক জানান, দুর্ঘটনার পর এলাকাবাসী দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মা ও ছেলে দুজনই মারা যান।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন ভূঁইয়া জানান, সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মৌলভীবাজার প্রতিনিধি 


























