চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ১৭ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুসহ চারজনকে আগামী ৩ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন।
মামলার অন্য তিন আসামি হলেন—যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান এবং যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন উর রশিদ মুন্না।
প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি আদালতকে জানান, ২০২৪ সালের ১৯ ও ২০ জুলাই যাত্রাবাড়ীতে সংঘটিত ১৭ জনের হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। তদন্তে চার আসামির সম্পৃক্ততার তথ্য পাওয়ায় এবং তারা অন্য মামলায় কারাগারে থাকায় তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়।
শুনানি শেষে ট্রাইব্যুনাল চার আসামিকে আগামী ৩ আগস্ট আদালতে হাজির করার নির্দেশ দেন।
উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু ২০২৫ সালের ২১ এপ্রিল রাজধানীর গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের হাতে গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
প্রতিবেদকের নাম 


























