
ঢাকার মিরপুরে স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দিনের রিমান্ড শেষে ছোট পর্দার অভিনেতা জাহের আলভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩০ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী জানান, আলভীর পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি। একই সঙ্গে মামলার সুষ্ঠু তদন্তে ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও তদন্তের আওতায় আনার আবেদন করা হয়েছে।
এর আগে রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তা আলভীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, জিজ্ঞাসাবাদে তদন্তে সহায়ক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্যও মিলেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা প্রয়োজন বলে তদন্ত কর্মকর্তা আদালতকে জানান।
গত ১৮ জুন আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। পরে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২৪ জুন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ মামলার অপর আসামি আলভীর মা নাসরিন সুলতানা শিউলি গত ৪ জুন আত্মসমর্পণ করে জামিন পান।
মামলার এজাহার অনুযায়ী, গত ১ মার্চ মিরপুরের বাসা থেকে অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে জাহের আলভী ও তার মাকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
প্রতিবেদকের নাম 


























