জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে শিক্ষার্থীদের উপহার দেওয়া ফ্রিজ বাসায় নিয়ে ব্যবহারের অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে সেটি বিভাগে ফিরিয়ে দিয়েছেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্বাছ আলী।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ফ্রিজটি তার বাসা থেকে গণিত বিভাগে নিয়ে আসা হয়। এর আগে গত ২০ আগস্ট কলেজের গণিত বিভাগ থেকে ফ্রিজটি পশ্চিম নয়াপাড়ায় তার বাসায় নিয়ে যাওয়া হয়েছিল।
শিক্ষার্থীদের দেওয়া প্রায় ৯০ লিটার ধারণক্ষমতার মিনি ফ্রিজটি প্রায় এক বছর আগে গণিত বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থীরা ওয়ালটন কোম্পানির কাছ থেকে কিনে কলেজকে উপহার দেন। এরপর থেকে ফ্রিজটি বিভাগীয় প্রধানের কক্ষে রাখা ছিল এবং বিভাগের অন্যান্য শিক্ষকও এটি ব্যবহার করতেন।
বিভাগীয় প্রধান মো. আব্বাছ আলী জানান, তার বাসার ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ায় তিনি কলেজের ফ্রিজটি বাসায় নিয়ে গিয়েছিলেন। তবে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হওয়ার পর তিনি সেটি আবার বিভাগে ফিরিয়ে দিয়েছেন।
তিনি বলেন, ফ্রিজটি বিভাগে তেমন প্রয়োজন পড়ে না। বাসায় ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ায় পরিবারের প্রয়োজনের কথা বিবেচনা করে সেটি নিয়ে গিয়েছিলেন।
এ বিষয়ে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর বলেন, ফ্রিজটি বিভাগ থেকে বাসায় নেওয়ার বিষয়টি তার জানা ছিল না। বিভাগীয় ফ্রিজ বাসায় নিয়ে যাওয়া ঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
অধ্যক্ষ জানান, বিষয়টি জানার পর ফ্রিজটি আবার বিভাগে ফিরিয়ে দেওয়া হয়েছে।
প্রতিবেদকের নাম 





















