সাভারে দেশ টিভির স্থানীয় প্রতিনিধি দেওয়ান ইমনের ওপর হামলা ও অপহরণ চেষ্টার অভিযোগের প্রতিবাদে সাংবাদিকরা মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানার সামনে সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশ নেন। পরে এক ঘণ্টা ‘কলম বিরতি’ পালন করেন তারা।
সাংবাদিকদের অভিযোগ, সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের দুর্নীতি ও অনিয়ম নিয়ে সংবাদ প্রচারের জেরে দেশ টিভির প্রতিবেদক দেওয়ান ইমনের ওপর হামলা এবং তাকে অপহরণের চেষ্টা করা হয়। এ ঘটনাকে তারা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেন।
বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের হামলা ও হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এছাড়া আগামী ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার জাকির হোসেনকে অপসারণসহ তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন সাংবাদিক নেতারা।
কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
প্রতিবেদকের নাম 


























