জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে নতুন ইতিহাস গড়েছে দক্ষিণ কোরিয়ার কে-পপ বয় ব্যান্ড কর্টিস। তাদের জনপ্রিয় গান ‘রেডরেড’ দক্ষিণ কোরিয়ার স্পটিফাই ডেইলি টপ সংস চার্টে টানা ৭০ দিন শীর্ষস্থান ধরে রেখে কে-পপ গ্রুপের গানের মধ্যে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
গত ২৭ এপ্রিল প্রথমবার চার্টের শীর্ষে ওঠার পর থেকে গানটি একটানা ১ নম্বর অবস্থান ধরে রেখেছে। সর্বশেষ ১২ জুলাই প্রকাশিত চার্টেও এটি শীর্ষে থেকে টানা ৭০ দিনের মাইলফলক স্পর্শ করে। এর মাধ্যমে প্রায় তিন বছর চার মাস ধরে অটুট থাকা আগের রেকর্ড ভেঙে দিয়েছে ‘রেডরেড’।
এর আগে ২০ জুন টানা ৫০ দিন শীর্ষে থেকে কে-পপ বয় ব্যান্ডের নতুন রেকর্ড গড়েছিল গানটি। এরপর সেই রেকর্ডও আরও দীর্ঘায়িত করেছে কর্টিস।
শুধু দৈনিক চার্টেই নয়, স্পটিফাই উইকলি টপ সংস কোরিয়া চার্টেও দাপট দেখাচ্ছে ‘রেডরেড’। ৩ থেকে ৯ জুলাই পর্যন্ত প্রকাশিত সাপ্তাহিক তালিকায় গানটি টানা ১১ সপ্তাহ ধরে ১ নম্বরে রয়েছে, যা এটিও একটি নতুন রেকর্ড।
ব্যান্ডটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বিগহিট মিউজিক জানিয়েছে, বর্তমানে স্পটিফাইয়ে কর্টিসের মাসিক শ্রোতার সংখ্যা ১ কোটি ২৬ লাখ ৭০ হাজার। দক্ষিণ কোরিয়ার বয় ব্যান্ডগুলোর মধ্যে এটি সর্বোচ্চ তিনটি ব্যান্ডের অন্যতম।
পাঁচ সদস্যের কর্টিসে রয়েছেন মার্টিন, জেমস, জুহুন, সিয়ংহিয়ন ও কনহো। গানের কথা লেখা ও সুর তৈরিতেও সদস্যরা সরাসরি অংশ নেন। ‘রেডরেড’-এর পাশাপাশি একই অ্যালবামের আরেকটি গান **‘ইয়াংক্রিয়েটরক্রু’**ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
এদিকে ১৮ ও ১৯ জুলাই ইনচনের ইনস্পায়ার অ্যারিনায় প্রথম একক কনসার্টের মাধ্যমে বিশ্ব সফর শুরু করবে কর্টিস। এরপর সিউল, টরন্টো, নিউইয়র্ক এবং জাপানের কানাগাওয়ায় কনসার্ট করার সূচি রয়েছে। ইতোমধ্যে ইনচন ও উত্তর আমেরিকার সব কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে।
এ ছাড়া ৩১ জুলাই ও ১ আগস্ট যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীত উৎসব ললাপালুজা শিকাগোতে একক পরিবেশনা করবে কর্টিস। চলতি বছর এই উৎসবে এককভাবে পারফর্ম করা একমাত্র কে-পপ বয় ব্যান্ড তারাই।
প্রতিবেদকের নাম 























