হরমুজ প্রণালী বন্ধ থাকার প্রভাবে বিশ্বজুড়ে ঋণের খরচ বাড়ছে এবং এতে উন্নয়নশীল দেশগুলোর ঋণ পরিস্থিতির অগ্রগতি হুমকির মুখে পড়ছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা।
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত জি-২০ বৈঠকের ফাঁকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জর্জিয়েভা সতর্ক করে বলেন, হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বিশ্বজুড়ে ঋণের ব্যয় বেড়ে যাচ্ছে। এর সঙ্গে মুদ্রাস্ফীতির চাপ এবং ক্রমবর্ধমান সামগ্রিক ঋণের পরিমাণও বন্ডের ইল্ড বৃদ্ধির অন্যতম কারণ হয়ে উঠছে।
তিনি বলেন, বিষয়টি শুধু নিম্ন আয়ের উন্নয়নশীল দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়। উন্নত অর্থনীতিগুলোতেও ঋণের মাত্রা বেশি এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে থাকায় এর প্রভাব পড়তে পারে বিভিন্ন শ্রেণির মানুষের ওপর।
বিশেষ করে নিম্ন আয়ের জনগোষ্ঠী, উদীয়মান বাজার ও উন্নয়নশীল অর্থনীতিগুলোতে ঋণ পরিশোধের ব্যয় আরও বেড়ে যেতে পারে বলে সতর্ক করেন আইএমএফ প্রধান।
তার মতে, হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে জ্বালানি ও অন্যান্য পণ্যের বাজারে যে চাপ তৈরি হয়েছে, তা বৈশ্বিক অর্থনীতিতে ঋণ ও মুদ্রাস্ফীতি—দুই ক্ষেত্রেই বাড়তি ঝুঁকি তৈরি করছে।
প্রতিবেদকের নাম 




















