অভিনেতা জেমস স্লোয়েন মারা গেছেন। গত ২২ জুলাই নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। সোমবার (২১ সেপ্টেম্বর) ‘দ্য হলিউড রিপোর্টার’-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সপ্তাহের শেষে তার পরিবারের পক্ষ থেকেও মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
‘স্টার ট্রেক’ ভক্তদের কাছে পরিচিত মুখ ছিলেন জেমস স্লোয়েন। ১৯৯০-এর দশকে ‘দ্য নেক্সট জেনারেশন’, ‘ডিপ স্পেস নাইন’ ও ‘ভয়েজার’ সিরিজে অভিনয় করে পরিচিতি পান তিনি। পাশাপাশি ১৯৮৯ সাল থেকে টানা ১৮ বছর টয়োটার বিলাসবহুল ব্র্যান্ড লেক্সাসের বিজ্ঞাপনচিত্রে ভয়েস-ওভার শিল্পী হিসেবেও কাজ করেছেন।
অস্কারজয়ী পরিচালক জর্জ রয় হিলের সিনেমা ‘দ্য স্টিং’ (১৯৭৩)-এ মোটোলা চরিত্রে অভিনয় করেন জেমস স্লোয়েন। সিনেমাটিতে অপরাধী ডয়েল লনেগানের একজন জুয়া পরিচালনাকারী কর্মীর চরিত্রে দেখা যায় তাকে। গল্পে জনি হুকার ও লুথার কোলম্যানের পরিকল্পিত ফাঁদে পড়েন তার চরিত্রটি। এছাড়া অলিভিয়া নিউটন-জন অভিনীত মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা ‘জ্যানাডু’ (১৯৮০)-তেও অভিনয় করেন তিনি।
১৯৪১ সালের ২৪ ফেব্রুয়ারি ইন্ডিয়ানাপোলিসে জন্মগ্রহণ করেন জেমস স্লোয়েন। চার ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার বাবা জেমস ছিলেন একজন নির্মাণ প্রকৌশলী। বিদেশে এবং নিউইয়র্কের অ্যালবানিতে কিছু সময় কাটানোর পর নিউইয়র্কের দ্য আমেরিকান একাডেমি অব ড্রামেটিক আর্টস থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি। এরপর তিন বছর মার্কিন সেনাবাহিনীতেও দায়িত্ব পালন করেন।
সেনাবাহিনীর চাকরি শেষে নিউইয়র্কে ফিরে জোসেফ প্যাপের নিউইয়র্ক শেক্সপিয়ার ফেস্টিভ্যালে অভিনয়ের পাশাপাশি ফাইটিং দৃশ্যের কোরিওগ্রাফার হিসেবে কাজ করেন। ১৯৬৯ সালে আর্থার কপিতের ‘ইন্ডিয়ান’ নাটকের মাধ্যমে ব্রডওয়েতে অভিষেক হয় তার। এরপর আর্ভ বাউয়ারের ‘এ ড্রিম আউট অব টাইম’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। ১৯৭০ সালের ‘দ্য ট্রাভেলিং এক্সিকিউশনার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।
মৃত্যুকালে জেমস স্লোয়েন স্ত্রী অভিনেত্রী ডিআরড্রে লেনিগান, ছেলে সংগীতশিল্পী ড্যানিয়েল এবং মেয়ে অভিনেত্রী সামান্থা স্লোয়েনকে রেখে গেছেন। তার ভাই লেখক ও পুলিৎজার পুরস্কারজয়ী সাংবাদিক প্যাট্রিক স্লোয়েন ২০১৯ সালের ফেব্রুয়ারিতে মারা যান।
প্রতিবেদকের নাম 




















