গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে এবং প্রয়োজনে রাজপথেও আন্দোলনের ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
তিনি বলেছেন, গণভোটের রায় ব্যর্থ হলে জনগণ নির্বাচনী ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা হারাবে।
রোববার (১৯ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘রক্তাক্ষরে জুলাই’ শীর্ষক তিন দিনব্যাপী বিশেষ চিত্রপ্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণভোটের রায় প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, সংসদের মাধ্যমে দাবি আদায় হলে তা স্বাগত জানানো হবে। আর যদি তা না হয়, তাহলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। জনগণের রায়কে কোনোভাবেই অবহেলা করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
ক্ষমতাসীন দলের সমালোচনা করে জামায়াত আমির বলেন, সরকার গঠনের আগে এবং নির্বাচনের আগে স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক), মানবাধিকার কমিশন, গুম-সংক্রান্ত কমিশন ও স্বাধীন নির্বাচন কমিশনের কথা বলা হয়েছিল। কিন্তু ক্ষমতায় এসে আগের কাঠামোই ধরে রাখার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থান থেকেই বর্তমান সরকারের সৃষ্টি হয়েছে। তাই জুলাইয়ে নিহতদের শুধু আর্থিক সহায়তা দিলেই দায়িত্ব শেষ হয় না, তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করতে হবে এবং তাদের অবদান জাতির সামনে তুলে ধরতে হবে।
শফিকুর রহমান আরও বলেন, অনেকেই উপকারীর উপকার ভুলে যান। জুলাইয়ের ঘটনাকে যারা তুচ্ছতাচ্ছিল্য করেন, তারা আত্মসম্মানবোধের পরিচয় দেন না বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্ববিদ্যালয়গুলো এখনো পুরোপুরি রাজনৈতিক অপচর্চামুক্ত হয়নি দাবি করে জামায়াতের আমির বলেন, রাজনৈতিক বিবেচনায় এখনো অনেক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ে আর গণরুম ও গেস্টরুম সংস্কৃতি ফিরে আসতে দেওয়া হবে না।
তিনি বলেন, ২০২৪ সালেই গণরুম ও গেস্টরুম ব্যবস্থার অবসান হয়েছে। কেউ এটি ফিরিয়ে আনার চেষ্টা করলে প্রতিহত করা হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম)।
প্রতিবেদকের নাম 























