
সৌদি আরব ওমরাহ ভিসার নিয়মে বড় পরিবর্তন এনেছে। এখন থেকে ওমরাহ ভিসার মেয়াদ এক বছর বা ৩৬৫ দিন পর্যন্ত কার্যকর থাকবে। নতুন নিয়ম অনুযায়ী, ভিসাধারীরা এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন অবস্থানের সুযোগ পাবেন।
সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) সোমবার এ তথ্য জানিয়েছে।
নতুন ব্যবস্থার আওতায় সৌদি সফরের আগে প্রত্যেক ভিসাধারীকে সরকারি অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক’ থেকে নির্ধারিত প্যাকেজ নিতে হবে। তবে ওই প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট সময়ের বেশি হতে পারবে না। এছাড়া ওমরাহ পালনের জন্য সৌদিতে যাওয়ার আগে নুসুক অ্যাপের মাধ্যমে অনুমতিপত্র সংগ্রহ করতে হবে।
তবে হজ মৌসুমে ওমরাহ ভিসা কার্যকর থাকবে না। আরবি জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত এই ভিসার আওতায় সৌদি আরবে প্রবেশ করা যাবে না।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবেই ওমরাহ ভিসায় এই পরিবর্তন আনা হয়েছে।
নতুন নিয়ম চালুর ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদের জন্য ওমরাহ পালন ও সৌদি ভ্রমণ আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: গালফ নিউজ
প্রতিবেদকের নাম 

























