দেশের দীর্ঘদিনের মামলাজট নিরসনে প্রি-কেস (মামলাপূর্ব) বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম ইতোমধ্যে আশাব্যঞ্জক ফল দিচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আদালতে মামলা দায়েরের আগেই বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হওয়ায় নতুন মামলা উল্লেখযোগ্যভাবে কমেছে এবং বিচারপ্রার্থীরা দ্রুত ও সহজে ন্যায়বিচার পাচ্ছেন।
মঙ্গলবার (২১ জুলাই) আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি ১০টি জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী জানান, বর্তমানে দেশে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন, যা বিচারব্যবস্থার ওপর বড় চাপ সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে আদালতে মামলা দায়েরের আগে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা গেলে বিচারপ্রার্থীদের সময়, অর্থ ও ভোগান্তি কমবে, পাশাপাশি আদালতের ওপর চাপও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
তিনি বলেন, ২০টি জেলায় পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) প্রি-কেস মেডিয়েশন চালুর পর ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে মে সময়ে বিভিন্ন আইনে মামলা দায়েরের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় গড়ে ৬২ দশমিক ০২ শতাংশ কমেছে।
আইনমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, পারিবারিক আদালত আইনে মামলা ৫১ শতাংশ, বণ্টন সংক্রান্ত দেওয়ানি মামলা ৬৬ দশমিক ৯৭ শতাংশ, যৌতুক নিরোধ আইনে ৬৭ দশমিক ৭১ শতাংশ, নন-এগ্রিকালচারাল টেন্যান্সি আইনে ৫৪ দশমিক ৮৪ শতাংশ, স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি আইনের প্রিম্পশন মামলায় ৮৮ দশমিক ২৪ শতাংশ এবং পিতামাতার ভরণ-পোষণ আইনে ১৮ দশমিক ৬০ শতাংশ কমেছে।
তিনি বিচারকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেসব বিচারাধীন মামলা আলোচনার মাধ্যমে নিষ্পত্তিযোগ্য, সেগুলো জেলা লিগ্যাল এইড অফিসে মধ্যস্থতার জন্য পাঠানো হলে বিচারপ্রক্রিয়া আরও দ্রুত হবে। আদালত, জেলা লিগ্যাল এইড অফিস, আইনজীবী এবং সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করলে আগামী এক বছরের মধ্যে বিচারাধীন মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আইনমন্ত্রী আরও বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে পরিচালিত এই কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকারের অর্থায়নে পরিচালিত এ ব্যবস্থার মাধ্যমে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠী বিনামূল্যে আইনগত সহায়তা এবং দ্রুত ন্যায়বিচারের সুযোগ পাচ্ছে।
অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী বগুড়া, ঠাকুরগাঁও, পটুয়াখালী, ভোলা, নাটোর, যশোর, শরীয়তপুর, কক্সবাজার, পঞ্চগড় ও টাঙ্গাইল—এই ১০ জেলায় একযোগে মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করেন। নতুন বিধান অনুযায়ী, এসব জেলায় নির্ধারিত সাত ধরনের মামলায় আদালতে যাওয়ার আগে জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মধ্যস্থতার উদ্যোগ নেওয়া বাধ্যতামূলক হবে।
প্রতিবেদকের নাম 




















