যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের ‘অত্যাচারী’ হিসেবে উল্লেখ করে দাবি করেছেন, দেশটির সামরিক ও অর্থনৈতিক শক্তি এখন অনেকটাই ধ্বংস হয়ে গেছে। বুধবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে। সেখানে মার্কিন নৌ-অবরোধকে ‘লৌহ দেওয়াল’ বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনী কার্যত অকার্যকর হয়ে পড়েছে এবং দেশটির সামরিক বাহিনীও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।
ইরানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কঠোর মন্তব্য করেন ট্রাম্প। তিনি দাবি করেন, দেশটিতে অর্থের সংকট রয়েছে এবং মূল্যস্ফীতি অনেক বেড়ে গেছে। তার মতে, ইরানের বর্তমান পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।
ট্রাম্প আরও বলেন, ইরান এখন শুধু কথা বলছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না। এ অবস্থায় তিনি মন্তব্য করেন, ‘মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই। সকল প্রশংসা আল্লাহর।’
তবে ইরান যুক্তরাষ্ট্রের এসব দাবির সঙ্গে একমত নয়। দেশটি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রয়েছে বলে দাবি করে আসছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না।
প্রতিবেদন অনুযায়ী, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ সংঘাতের পর হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। ফলে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের নাম 




















