
অনুমোদন ছাড়াই সাধারণ যাত্রীবাহী বাসকে স্লিপার কোচে রূপান্তর করে যাত্রী পরিবহনের অভিযোগে সুনামগঞ্জে চারটি বাসকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২২ আগস্ট) রাতে সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে নতুন বাসস্টেশন এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহযোগিতায় অভিযান চালানো হয়।
অভিযানে ইউরো কোচকে ১ লাখ টাকা, বেঙ্গল পরিবহণকে ৫০ হাজার টাকা, শ্যামলী পরিবহণকে ৩০ হাজার টাকা এবং সেন্টমার্টিন পরিবহণকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন বলেন, অনুমোদন না নিয়ে সাধারণ যাত্রীবাহী বাসকে স্লিপার কোচে রূপান্তর করে যাত্রী পরিবহনের অপরাধে চারটি বাসকে জরিমানা করা হয়েছে। সড়কে এ ধরনের অনিয়ম বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে বিআরটিএ সুনামগঞ্জ কার্যালয়ের পরিদর্শক হাসিব ইসলাম হিমেলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসন জানিয়েছে, যাত্রী পরিবহনে অনুমোদিত নিয়ম না মেনে বাসের কাঠামো পরিবর্তন বা পরিচালনা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 




















