অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে গিয়ে স্বাগতিকদের হারিয়ে দারুণ আত্মবিশ্বাস পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইন টেস্টে স্মরণীয় জয় পেলেও ম্যাকাই টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে দুই টেস্টের পারফরম্যান্সে সন্তুষ্ট দলটি দেশে ফিরেছে আত্মবিশ্বাস নিয়েই।
বাংলাদেশের পেস বোলিং কোচ তালহা জুবায়ের মনে করেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারের পারফরম্যান্সের পর খুব শিগগিরই আবারও বাংলাদেশকে নিজেদের দেশে খেলতে ডাকবে অস্ট্রেলিয়া। এমনকি আগামী বছরই সেই সুযোগ আসতে পারে বলে তার বিশ্বাস।
শুক্রবার রাতে অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফেরে বাংলাদেশ ক্রিকেট দল। বিমানবন্দরে ক্রিকেট বোর্ডের পরিচালকরা ফুল দিয়ে ক্রিকেটারদের স্বাগত জানান।
সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তালহা জুবায়ের বলেন, দেশের বাইরে গিয়ে ভালো করার বিশ্বাস এখন দলের মধ্যে তৈরি হয়েছে। তার মতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়েছে।
তিনি বলেন, “আমার মনে হয় অস্ট্রেলিয়া পরের বছরই আমাদের ডাকবে। ডারউইন, ম্যাকাইতে ডাকবে না, আমরা ভালো ভালো ভেন্যুতে খেলতে পারব আশা করি।”
তালহা আরও বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো সহজ নয়। এই সফরের অভিজ্ঞতা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এমন একটি বিশ্বাস তৈরি করেছে যে, দেশের বাইরেও যেকোনো শক্তিশালী দলকে হারানো সম্ভব।
তার ভাষায়, এই আত্মবিশ্বাসই দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন। অস্ট্রেলিয়া সফর থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে বাংলাদেশ আরও ভালো করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রতিবেদকের নাম 






















