
ভারতে দেশজুড়ে একসঙ্গে মোবাইল ফোনে হঠাৎ জোরালো সতর্কবার্তার শব্দ ছড়িয়ে পড়ায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে বিষয়টি কোনো বাস্তব বিপদের সংকেত নয়, বরং সরকারের একটি পরীক্ষামূলক প্রযুক্তি কার্যক্রম।
দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, শনিবার সকালে “ইমার্জেন্সি ডিজাস্টার অ্যালার্ট” সিস্টেমের অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হয়। এর মাধ্যমে সারা দেশের মোবাইল ব্যবহারকারীদের ফোনে “জরুরি দুর্যোগ সতর্কতা” শিরোনামে একটি বার্তা পাঠানো হয়।
বার্তায় স্পষ্টভাবে জানানো হয়, এটি একটি টেস্ট অ্যালার্ট এবং এর উদ্দেশ্য হলো নতুন সেল ব্রডকাস্ট প্রযুক্তির কার্যকারিতা যাচাই করা। তাই সাধারণ নাগরিকদের কোনো ধরনের আতঙ্কিত হওয়া বা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই।
ভারতের টেলিকমিউনিকেশন বিভাগ জানিয়েছে, ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে এই ব্যবস্থা চালু করা হচ্ছে। সেই লক্ষ্যেই ধাপে ধাপে এর পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় পরীক্ষামূলক বার্তা পাঠানো হবে।
এই প্রযুক্তি আন্তর্জাতিক মান অনুযায়ী ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের ‘কমন অ্যালার্টিং প্রোটোকল’ অনুসরণ করে তৈরি করা হয়েছে। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে টেলিকমিউনিকেশন বিভাগ ও ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারিতে একই ধরনের পরীক্ষামূলক সতর্কবার্তা পাঠানো হয়েছিল, যেখানে আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা জোরালো অ্যালার্ট সাউন্ডসহ “টেস্ট অ্যালার্ট” বার্তা পেয়েছিলেন।
সরকার নাগরিকদের অনুরোধ করেছে, এ ধরনের বার্তা পেলে আতঙ্কিত না হয়ে এটিকে কেবল পরীক্ষামূলক সিস্টেম হিসেবে বিবেচনা করতে।
প্রতিবেদকের নাম 



















