ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগে স্নাতক পর্যায়ে প্রথম শ্রেণিতে প্রথম হয়েও ‘ডিনস অ্যাওয়ার্ড’ গ্রহণ করেননি শিক্ষার্থী তাহসিন জাহান। রাজনৈতিক পরিচয় ও মতাদর্শের কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলে তিনি এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তাহসিন। তিনি বলেন, চার বছরের কঠোর পরিশ্রমের পর বিভাগে সর্বোচ্চ ফলাফল অর্জন করলেও নৈতিক অবস্থানের কারণে তিনি পুরস্কারটি গ্রহণ করেননি।
‘পুরস্কারের চেয়ে নৈতিক দায়বদ্ধতা বড়’
তাহসিনের ভাষ্য, কোনো প্রতিষ্ঠানের নৈতিক দায়বদ্ধতার ঊর্ধ্বে কোনো পুরস্কারের মর্যাদা হতে পারে না। সেই অবস্থান থেকেই তিনি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি অভিযোগ করেন, ২০২৪ সালে রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে মবের হামলার শিকার হতে হয়েছিল। একই সময় বিশ্ববিদ্যালয় ও নিজ বিভাগেও তিনি হুমকির মুখে পড়েন বলে দাবি করেন। এমনকি ফাইনাল ভাইভায় অংশ নেওয়া এবং স্নাতক থিসিস জমা দেওয়ার ক্ষেত্রেও তাকে বাধার মুখে পড়তে হয়েছিল বলে জানান তিনি।
তাহসিন বলেন, পরবর্তীতে কয়েকজন শিক্ষকের সহযোগিতায় অনলাইনে ভাইভায় অংশ নিয়ে তিনি স্নাতক সম্পন্ন করতে সক্ষম হন।
‘হাজারো শিক্ষার্থী একই পরিস্থিতির শিকার’
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী রাজনৈতিক পরিচয়ের কারণে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলেও দাবি করেন তাহসিন। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তবে নিজের শিক্ষাজীবনে সহযোগিতা করা শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাহসিন। তার ভাষ্য, যেসব শিক্ষার্থী রাজনৈতিক পরিচয়ের কারণে শিক্ষা ও ভবিষ্যৎ হারিয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর প্রতীকী অবস্থান হিসেবেই তিনি ডিনস অ্যাওয়ার্ড গ্রহণ করেননি।
৪৮ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সামাজিক বিজ্ঞান অনুষদের ১৬টি বিভাগের ৪৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়।
একই অনুষ্ঠানে সেরা গ্রন্থ ও নিবন্ধের জন্য দুজন শিক্ষককেও সম্মাননা দেওয়া হয়েছে।
প্রতিবেদকের নাম 




















