
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সর্বশেষ নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৩০ এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ দাম ঘোষণা করে। ওইদিন থেকেই এটি কার্যকর হয়েছে এবং আজ ৪ মে (সোমবার) পর্যন্ত একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন করে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে।
বর্তমান দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ৯৩৯ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে কয়েক দফায় স্বর্ণের দাম কমানো হলেও সর্বশেষ আবারও দাম বাড়ানো হলো, যা ক্রেতাদের জন্য নতুন চাপ সৃষ্টি করেছে।
অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবেই দেশের বাজারে স্বর্ণের দামে এ ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।
প্রতিবেদকের নাম 




















