বাগেরহাট জেলা কারাগারে গলায় খাবার আটকে চাঁন মিয়া ফকির (৪৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে খাবার খাওয়ার সময় তার গলায় খাবার আটকে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁন মিয়া ফকির বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের মৃত হেলাল উদ্দিন ফকিরের ছেলে। তিনি বাগেরহাট জেলা কারাগারে হাজতি নম্বর ৪২৪১/২৬ হিসেবে বন্দি ছিলেন। তার বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি মামলা রয়েছে।
কারাগার সূত্র জানায়, সকালে হাজতিদের সবজি ও রুটি খেতে দেওয়া হয়েছিল। খাবার খাওয়ার সময় চাঁন মিয়ার গলায় খাবার আটকে গেলে কারারক্ষীরা তাকে দ্রুত বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার জানান, কারাগার থেকে অসুস্থ অবস্থায় ওই হাজতিকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
বাগেরহাট জেলা কারাগারের সুপার মো. মোস্তফা কামাল বলেন, ঘটনার পর হাজতিকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মোরেলগঞ্জ থানাকে জানানো হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কারাগার কর্তৃপক্ষ।
প্রতিবেদকের নাম 

























