২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ঘটে যাওয়া ‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটার উসমান খাজার আসন্ন আত্মজীবনীমূলক বই ‘সবর’ প্রকাশের খবরকে কেন্দ্র করে। বইটিতে খাজার দাবি, বল বিকৃতির ঘটনায় শুধু অভিযুক্ত তিন ক্রিকেটার নন, দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের অন্য সদস্যরাও বিষয়টি জানতেন।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ঘটনায় ক্যামেরন ব্যানক্রফট, ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ দোষী সাব্যস্ত হন। তবে খাজার দাবি, পুরো দল এমনকি সে সময়ের প্রধান কোচ ড্যারেন লেহম্যানও জানতেন, বল নিয়ে কিছু একটা করা হতে যাচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, বল বিকৃতির আগে মূল অভিযুক্ত ব্যানক্রফট প্রধান কোচের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছিলেন।
খাজার এসব দাবি অবশ্য প্রত্যাখ্যান করেছেন ড্যারেন লেহম্যান।
নতুন করে ওঠা এই বিতর্কের মধ্যে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার স্যার জিওফ্রে বয়কট। তাঁর প্রশ্ন, পুরো দল যদি বিষয়টি জানত, তাহলে কেউ কেন এর প্রতিবাদ করেননি?
এক্সে দেওয়া এক পোস্টে খাজার দাবির বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন বয়কট। তিনি লিখেছেন, ‘আমি খাজার কাছে ব্যাখ্যা জানতে চাই, কীভাবে পুরো দল প্রতারণা করার পর্যায়ে পৌঁছাল, যেখানে কেউ বা কোনো খেলোয়াড় বলেনি যে এটা ঠিক নয় এবং এর অংশ হতে অস্বীকার করেনি।’
খাজার দাবির সত্যতা নিয়ে বিতর্ক থাকলেও এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যে ভিন্নতা রয়েছে। বিশেষ করে লেহম্যানের অস্বীকৃতির কারণে কেপটাউনের সেই ঘটনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
প্রতিবেদকের নাম 




















