নেত্রকোণার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। এতে বগির চারটি আসন পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
রেলওয়ে সূত্রে জানা যায়, সোমবার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে হাওড় এক্সপ্রেস। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ট্রেনটি মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর রেলকর্মীরা একটি বগিতে ধোঁয়া দেখতে পান। পরে বগির ভেতরে আগুন জ্বলতে দেখা যায়।
স্টেশনে থাকা লোকজন ও স্থানীয় মসজিদের মুসল্লিদের সহায়তায় ট্রেনে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে ট্রেনের ‘ঢ’ নম্বর বগির ৪, ৫, ১০ ও ১১ নম্বর—মোট চারটি আসন পুড়ে যায়।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জহিরুল ইসলাম জানান, এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং সময়সূচিও স্বাভাবিক ছিল।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, আগুন দেওয়ার ঘটনায় জড়িত কাউকে এখনো শনাক্ত করা যায়নি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলার অভিযোগ
এদিকে, সোমবার রাতে নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সাবেক সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সাজ্জাদুল হাসানসহ স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতার বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রের দাবি, সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসান ছাড়াও মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্তের বাসায় একদল দুর্বৃত্ত হামলা চালায়।
এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জানান, তাঁর বাসায় তিনবার হামলা হয়েছে। এবার বাসার সবকিছু তছনছ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
সুলতান আহমেদের ভাষ্য অনুযায়ী, স্টিলের আলমারি ভেঙে স্বর্ণালংকার ও টাকা, থালা-বাটি, কাপড়চোপড়, সৌখিন জিনিসপত্র এবং ফ্রিজে রাখা মাছ-মাংস লুট করা হয়েছে। এ ছাড়া টেলিভিশন, ফ্রিজ, আসবাবপত্র ও বাথরুমের কমোডও ভাঙচুর করা হয়েছে। তিনি ঘটনাটিকে ‘অশনি সংকেত’ ও অশুভ লক্ষণ বলে উল্লেখ করেন।
এ বিষয়ে মঙ্গলবার সকালে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন সাংবাদিকদের বলেন, কারা যেন একটি বাসার গেটে সামান্য হামলা চালিয়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।
প্রতিবেদকের নাম 

























