যমুনা সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জ অংশে রেললাইনে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়ার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন (২২), সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. আশিক হোসেন (৩৯) এবং একই ইউনিয়নের সদস্য মো. ইমরুল কায়েস (১৯)।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ঢাকা পোস্টকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তিনজনের মধ্যে সয়দাবাদ এলাকার দুই ছাত্রলীগ নেতা রেললাইনে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া সয়দাবাদ এলাকায় একটি মিছিলের সঙ্গেও তাঁদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
এর আগে সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি এলাকায় যমুনা সেতুর পশ্চিমপাড়ে রেললাইনে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়। ঘটনার পর জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পাশের শহীদ এম মনসুর আলী রেলস্টেশনের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
ঘটনাস্থল পরিদর্শন শেষে রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম তালুকদার জানিয়েছিলেন, কয়েকজন ব্যক্তি রেললাইনে আগুন দিয়ে পালিয়ে গেছেন। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
প্রতিবেদকের নাম 


























