ফুটবল মাঠের বাইরেও নতুন ভূমিকায় দেখা যাবে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। এবার একটি ফুটবলভিত্তিক কমেডি সিরিজে অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন তিনি। ‘ডে ওয়ানস’ নামের ১০ পর্বের সিরিজটি প্রচারিত হবে প্যারামাউন্ট প্লাসে।
সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করছেন হলিউড অভিনেতা ড্যামিয়েন লুইস। এর গল্প আবর্তিত হয়েছে এক প্রতিভাবান তরুণ ফুটবলারকে ঘিরে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন পূরণ করে সে যোগ দেয় ব্রেন্টফোর্ড এফসিতে। সাফল্য ও খ্যাতি অর্জনের পরও শৈশবের বন্ধুদের ভুলে যায় না সে। যারা তার সাফল্যের আগেও পাশে ছিল, তাদের নিয়েই এগিয়ে যাবে গল্প।
‘ডে ওয়ানস’ নামের অর্থও জীবনের শুরু থেকে পাশে থাকা বন্ধু ও কাছের মানুষদের ঘিরে।
অভিনয়ে ড্যামিয়েন লুইস, থিয়েরি অঁরি ও ডেভ
সিরিজে ফুটবল এজেন্টের চরিত্রে অভিনয় করবেন ড্যামিয়েন লুইস। ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছেন তিনি।
এ প্রকল্পে যুক্ত হয়েছেন সাবেক ফরাসি ফুটবলার থিয়েরি অঁরিও। নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সিরিজে নিজের চরিত্রেই দেখা যেতে পারে তাকে। ব্রিটিশ র্যাপার ডেভও থাকছেন অভিনয়শিল্পীদের তালিকায়।
পরিচালনায় ম্যাথিউ ভন
‘ডে ওয়ানস’ পরিচালনা করছেন ‘কিংসম্যান’খ্যাত নির্মাতা ম্যাথিউ ভন। সিরিজটির প্রথম পর্বও পরিচালনা করেছেন তিনি। ‘বোরাট’ সিনেমার সঙ্গে যুক্ত থাকা ড্যান মাজের দায়িত্ব পালন করছেন শোরানার হিসেবে। সিরিজটির মূল ভাবনা এসেছে ফুটবল এজেন্ট ড্যারেন ডেইনের কাছ থেকে।
রোনালদো ও ম্যাথিউ ভনের যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান ইউআর-মার্ভ স্টুডিওর প্রথম টেলিভিশন প্রকল্প এটি। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন তারা। এ ছাড়া ডাবলডি স্পোর্টস ও আর্চারি পিকচার্সও সিরিজটির প্রযোজনায় যুক্ত রয়েছে।
ফুটবলের বাইরের গল্প তুলে ধরতে চান রোনালদো
প্রকল্পটি নিয়ে রোনালদো জানিয়েছেন, ফুটবল শুধু মাঠের খেলা নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা, আনুগত্য ও ত্যাগের গল্প। মাঠের বাইরের সেই অভিজ্ঞতাগুলোই দর্শকদের সামনে তুলে ধরতে চান তিনি। প্রযোজক হিসেবে এমন একটি গল্পের অংশ হতে পেরে আনন্দিত বলেও জানিয়েছেন এই তারকা।
অন্যদিকে ম্যাথিউ ভনের মতে, রোনালদোর সঙ্গে যৌথভাবে গড়ে তোলা প্রযোজনা প্রতিষ্ঠানের যাত্রা শুরুর জন্য এটি উপযুক্ত প্রকল্প। ফুটবলে দীর্ঘদিন প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত রোনালদো ও থিয়েরি অঁরিকে একই সিরিজে যুক্ত হতে দেখেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
ইতোমধ্যে সিরিজটির নির্মাণকাজ শুরু হয়েছে। তবে ‘ডে ওয়ানস’ কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্যারামাউন্ট প্লাস।
প্রতিবেদকের নাম 


























