ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাঁর দাবি, শেখ হাসিনা ও তাঁর অনুসারীদের পক্ষ থেকে আসা বিভিন্ন বার্তা হিংস্র এবং রক্তপাত উসকে দেওয়ার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাবের সামনে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের আয়োজিত মিছিলে অংশ নিয়ে বক্তব্য দেন তিনি।
রিজভী বলেন, “আল্লাহ তায়ালা ফেরাউনকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন। এ-ও সমুদ্রের মধ্যে ডুবে গেছে, ভারতের সমুদ্রে। দেখা যায় না তাকে। তার লোকদের মাধ্যমে বিভিন্ন বার্তা আসে, সে-ও নাকি বিভিন্ন বার্তা দেয়। তারা যে বার্তা দেয়, সেই বার্তা হিংস্র, রক্তপাত ঘটানোর বার্তা।”
আওয়ামী লীগের অর্থের উৎস নিয়ে অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, তাদের কাছে অনেক টাকা রয়েছে। বাংলাদেশ ব্যাংক, মেট্রোরেল, পদ্মা সেতু ও বিভিন্ন মেগা প্রকল্প থেকে লুট করা অর্থ তাদের কাছে আছে বলে তিনি দাবি করেন। তাঁর ভাষ্য, ককটেল বিস্ফোরণের জন্য বিকাশের মাধ্যমে ১০ থেকে ২০ হাজার টাকা দেওয়া হচ্ছে বলে অনেকে বলছেন। এসব কাজে টোকাই, মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের অর্থ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গে রিজভী বলেন, শেখ হাসিনার একমাত্র নেশা প্রতিশোধ ও রক্তপাত। দেশ ছেড়ে পালানোর পরও সেই প্রবণতা থামেনি বলে মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসন্ত্রাস চালানো হচ্ছে। গ্রামীণ ব্যাংকের ৮০টি শাখায় পেট্রোলবোমা হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ দলের বিভিন্ন নেতা-কর্মীর বাড়িতেও আগুন দেওয়া হয়েছে।
তবে এসব অগ্নিসন্ত্রাসের জবাবে বিএনপি সহিংসতার পথে হাঁটেনি বলে দাবি করেন রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চাইলে কঠোরভাবে এসব দমন করতে পারতেন, কিন্তু তা করেননি। যারা মানুষের রক্ত চুষে নিচ্ছে, তাদের আইনের আওতায় এনে বিচার করা প্রয়োজন।
রিজভী আরও বলেন, জাতীয় সংসদে আওয়ামী লীগকে ‘জাতীয় শয়তান’ আখ্যা দিয়ে এ বিষয়ে আইন করা উচিত। তাঁর মতে, ক্ষমতার প্রভাব খাটিয়ে শেখ হাসিনা বেআইনিভাবে সম্পদ অর্জন করেছেন। জনগণের সঙ্গে যারা শত্রুতা করেছে, তাদের নতুন করে দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত নয়।
প্রতিবেদকের নাম 






















