বাংলাদেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনায় ভারত সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর দাবি, বাংলাদেশে বর্তমানে যা কিছু ঘটছে, সবকিছুর সঙ্গে ভারতের সরাসরি সম্পৃক্ততা রয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ৩টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘আমাদের এই লড়াই আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, তাদের আমরা ৫ আগস্ট পরাজিত করেছি। আমাদের এই লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।’
এনসিপির আহ্বায়ক বলেন, সীমান্তের ওপারে একটি সমাবেশ হয়েছে। সেখানে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং দেশটির একটি হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশবিরোধী সমাবেশ করেছে। ওই সমাবেশে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে—এমন মিথ্যা বক্তব্য প্রচারের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সমাবেশে পলাতক আওয়ামী লীগের কয়েকজন নেতাও যুক্ত হয়েছেন বলে দাবি করেন নাহিদ।
তিনি আরও বলেন, ভারত আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য ছড়ানোর চেষ্টা করছে। দেশটিতে আসাম, দিল্লি ও পশ্চিমবঙ্গের মুসলমানদের ওপর নির্যাতন হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
শেখ হাসিনাকে ‘ফ্যাসিস্ট গণহত্যাকারী’ আখ্যা দিয়ে নাহিদ ইসলাম বলেন, তাঁকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিরুদ্ধে দেওয়া রায় কার্যকর করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন তাঁরা। পাশাপাশি শহীদ ওসমান হাদির হত্যাকারী এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বৈঠকে এনসিপির পক্ষ থেকে একদলীয় সংবিধান সংস্কার কমিটি বাতিলের আহ্বান জানানো হয়েছে বলেও জানান নাহিদ। তিনি বলেন, গণভোটে জুলাই সনদের পক্ষে যে ফলাফল এসেছে, সেই অনুযায়ী সনদ বাস্তবায়নের কথা বলেছেন তাঁরা। একই সঙ্গে সংস্কার ও বিচারের দাবি জানিয়েছেন।
নাহিদ আরও বলেন, ট্রাইব্যুনাল এবং বিভিন্ন জেলায় হওয়া মামলাগুলোর বিচার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন তাঁরা, যাতে জুলাইয়ের ভুক্তভোগীরা সঠিক বিচার পান।
এ ছাড়া ভারতের সঙ্গে গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়টি উল্লেখ করে দেশটির সঙ্গে এ নিয়ে শক্ত অবস্থান থেকে আলোচনা করতে সরকারকে আহ্বান জানিয়েছেন বলেও জানান এনসিপির আহ্বায়ক।
প্রতিবেদকের নাম 






















