গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ফেসবুকে ভিডিও প্রকাশ করে উল্লাস করার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী জয়নাল মুন্সী ওরফে জিসানকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জয়নাল মুন্সীর বাড়ি ওই গ্রামে। তবে মুকসুদপুর উপজেলা সদরে তাঁদের আরেকটি বাড়ি রয়েছে।
পুলিশ জানায়, নগরকান্দার পুরাপাড়া গ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগে প্রায় এক মাস আগে করা একটি মামলার এজাহারভুক্ত আসামি জয়নাল মুন্সী। রোববার রাত ২টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
নগরকান্দা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর থানায় এনে জয়নাল মুন্সীর মোবাইল ফোন পরীক্ষা করা হয়। সেখানে ১৯ নভেম্বর দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার ভিডিও পাওয়া যায়। ওই ভিডিও ফেসবুকে প্রকাশ করে তিনি উল্লাস করেছিলেন বলে জানায় পুলিশ।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল সামদানি আজাদ বলেন, নগরকান্দা থানায় করা একটি মামলায় জয়নাল মুন্সীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিবেদকের নাম 























