রাজধানীর মোহাম্মদপুরে প্রকাশ্যে সংঘবদ্ধ ছিনতাইয়ের শিকার হয়েছেন এক কলেজ শিক্ষার্থী। কোচিং শেষে রিকশাযোগে বাসায় ফেরার পথে তিনি এ ঘটনায় পড়েন।
ঘটনাটি সোমবার বিকেল ৫টা ৩৭ মিনিটে চাঁন মিয়া হাউজিংয়ের ১ নম্বর গেইটের সামনে ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েক মিনিটের মধ্যেই পুরো ঘটনা সম্পন্ন হয়।
ভুক্তভোগী ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিদ্দিক শ্রেষ্ঠ। পরিবারের অভিযোগ অনুযায়ী, রিকশা এলাকায় পৌঁছালে একজন ব্যক্তি রিকশার সামনে এসে দাঁড়ায় এবং পরে আরও কয়েকজন যোগ দেয়। এরপর দুইজন রিকশায় উঠে ধারালো অস্ত্র দেখিয়ে তাকে ভয় দেখায় এবং মোবাইল ফোন, টাকা, মানিব্যাগসহ অন্যান্য জিনিস ছিনিয়ে নেয়। এ সময় তার এনআইডি ও ব্যাংক কার্ডও নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৫টা ৩৭ মিনিট ৪ সেকেন্ড থেকে ৫টা ৩৮ মিনিট ২১ সেকেন্ডের মধ্যে পুরো ঘটনাটি ঘটে। ছিনতাইকারীরা মোবাইলের পাসওয়ার্ডও জেনে নেয় বলে দাবি করা হয়েছে।
ভুক্তভোগীর বাবা অভিযোগ করেন, থানায় মামলা করতে গেলে পুলিশ তাকে মোবাইল হারানোর বিষয়ে জিডি করার পরামর্শ দেয়।
এ ঘটনায় এলাকায় ‘দে ধাক্কা’ নামে একটি কিশোর গ্যাং জড়িত থাকতে পারে বলে স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে। মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে এবং মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের নাম 




















