ব্যস্ততা আর প্রযুক্তিনির্ভর জীবনের ভিড়ে মানুষ ধীরে ধীরে হারাচ্ছে আন্তরিক মানবিক সংযোগ। অথচ গবেষণা বলছে, একটি আন্তরিক স্পর্শ শুধু আবেগ নয়—মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে।
কান্নার সময় কারও কাঁধে হাত রাখা, প্রিয়জনের আলিঙ্গন কিংবা আশ্বাসের স্পর্শ—এসব মুহূর্ত মানুষকে ভেতর থেকে শান্ত করে। বিজ্ঞানীরা বলছেন, এর পেছনে রয়েছে শরীরের জৈবিক প্রতিক্রিয়া।
কেন এত গুরুত্বপূর্ণ স্পর্শ?
জন্মের পর থেকেই মানুষের বেঁচে থাকা ও বিকাশের সঙ্গে স্পর্শের সম্পর্ক তৈরি হয়। নবজাতক শিশুকে মায়ের কোলে নেওয়া বা শরীরের উষ্ণতা দেওয়া তার শ্বাস-প্রশ্বাস, হৃৎস্পন্দন ও শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে।
গবেষণায় দেখা গেছে, যেসব শিশু পর্যাপ্ত স্নেহস্পর্শ পায় না, তাদের মানসিক ও শারীরিক বিকাশ ব্যাহত হতে পারে।

শরীরে তৈরি হয় ‘ভালোবাসার হরমোন’
কাউকে আলিঙ্গন করা বা হাত ধরার সময় শরীরে অক্সিটোসিন নামের একটি হরমোন নিঃসৃত হয়। এটি মানসিক চাপ কমায়, নিরাপত্তাবোধ তৈরি করে এবং মানুষের মধ্যে বিশ্বাস ও আবেগীয় বন্ধন গড়ে তোলে।
মনোবিজ্ঞানীরা বলছেন, দুশ্চিন্তা বা মানসিক চাপের মুহূর্তে প্রিয়জনের হাত ধরা মানুষের মস্তিষ্ককে দ্রুত শান্ত হতে সাহায্য করে। এমনকি কোনো সহানুভূতিশীল মানুষের সাধারণ স্পর্শও অনেক সময় মানসিক স্বস্তি এনে দিতে পারে।
স্পর্শহীনতার ক্ষতিকর দিক
দীর্ঘদিন মানবিক স্পর্শের অভাবে মানুষের শরীর ও মনে নেতিবাচক প্রভাব পড়ে। গবেষণায় দেখা গেছে, একাকীত্ব ও স্পর্শহীনতা বিষণ্নতা, উদ্বেগ এবং অতিরিক্ত মানসিক চাপ বাড়াতে পারে।
এছাড়া রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হয়ে যাওয়া, উচ্চ রক্তচাপ ও হৃদ্রোগের ঝুঁকি বৃদ্ধির সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন আবেগীয় সংযোগের অভাব মানুষকে রুক্ষ ও আক্রমণাত্মক আচরণের দিকেও ঠেলে দিতে পারে।

সম্পর্ক ও কাজেও ইতিবাচক প্রভাব
মানবিক স্পর্শ শুধু ব্যক্তিগত সম্পর্কেই নয়, কর্মক্ষেত্র ও শিক্ষাজীবনেও ইতিবাচক প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে, পারস্পরিক উৎসাহ, হাই-ফাইভ বা আলিঙ্গনের সংস্কৃতি থাকা দলগুলো বেশি সফল হয়।
শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই বিষয় দেখা যায়। শিক্ষক কোনো শিক্ষার্থীকে আলতো স্পর্শে উৎসাহ দিলে তার আত্মবিশ্বাস ও শেখার আগ্রহ বাড়ে।
নিঃসঙ্গ জীবনে বিকল্প কী?
যাদের জীবনে প্রিয়জনের সান্নিধ্য কম, তাদের জন্য কিছু বিকল্প উপায় সাময়িক স্বস্তি দিতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন—
- ম্যাসাজ থেরাপি শরীর ও মনকে শিথিল করতে সাহায্য করে
- পোষা প্রাণীকে আদর করলে মানসিক প্রশান্তি বাড়ে
- ভারী কম্বল ব্যবহার করলে আলিঙ্গনের মতো নিরাপত্তাবোধ তৈরি হতে পারে
- গরম পানিতে গোসল বা হারবাল চা স্নায়ু শান্ত রাখতে সাহায্য করে
- নিজেকে সময় দেওয়া এবং আত্ম-যত্নের অভ্যাসও মানসিক স্থিতি বাড়ায়
সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘সম্মতি’
বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, স্পর্শ যতই প্রয়োজনীয় হোক, তা অবশ্যই পারস্পরিক সম্মতি ও স্বাচ্ছন্দ্যের ভিত্তিতে হতে হবে। সম্মান ও নিরাপত্তাবোধ ছাড়া কোনো স্পর্শ কখনোই ইতিবাচক অভিজ্ঞতা তৈরি করতে পারে না।
এই যান্ত্রিক সময়ে প্রিয়জনের পাশে বসা, হাতে হাত রাখা কিংবা আন্তরিকভাবে খোঁজ নেওয়ার মতো ছোট ছোট মুহূর্তই মানুষের মানসিক সুস্থতায় বড় ভূমিকা রাখতে পারে।
প্রতিবেদকের নাম 






















