
মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সহকারী একান্ত সচিবদের (এপিএস) বেতন বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত এপিএসদের বেতন নবম গ্রেডের অষ্টম ধাপে নির্ধারণ করা হয়েছে।
অর্থ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে। এতে বলা হয়েছে, এপিএসদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার ৫৪০ টাকা। তারা সংশ্লিষ্ট অন্যান্য ভাতা পাবেন, তবে কোনো ধরনের বার্ষিক বেতন বৃদ্ধি, পেনশন, আনুতোষিক বা ভবিষ্য তহবিল সুবিধা পাবেন না।
এর আগে এসব পদে বেতন ছিল নবম গ্রেডের শুরুর ধাপে ২২ হাজার টাকা। সময়ের সঙ্গে ইনক্রিমেন্ট যোগ করে কিছু ক্ষেত্রে বেতন বাড়ানো হলেও এবার নির্দিষ্ট কাঠামো নির্ধারণ করা হলো।
চিঠিতে আরও বলা হয়েছে, এই বেতন কাঠামো শুধু সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগ পাওয়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীর এপিএস এবং সমমর্যাদার উপমন্ত্রীর একান্ত সচিবদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগ পাওয়া এপিএসরা এই বেতন কাঠামোর আওতায় পড়বেন না।
এর আগে অন্তর্বর্তী সরকারের সময় উপদেষ্টাদের এপিএসদের বেতন নবম গ্রেডের সর্বোচ্চ ধাপে (৫৩ হাজার ৬০ টাকা) নির্ধারণ করা হয়েছিল, যা নিয়ে সমালোচনাও হয়।
প্রতিবেদকের নাম 




















