অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শুটিংয়ের প্রয়োজনীয় জিনিস কিনতে বের হয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানান অভিনেত্রী নিজেই।
ফেসবুকে দেওয়া পোস্টের সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করেন এলিনা শাম্মী। ছবিতে তার মাথায় ব্যান্ডেজ দেখা যায়। অভিনেত্রী জানান, কপাল ও মাথার দুটি স্থানে মোট ১৫টি সেলাই দিতে হয়েছে।
দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে এলিনা জানান, অটোরিকশায় ওঠার পর তিনি চালককে ধীরে চালানোর জন্য বারবার সতর্ক করেছিলেন। তবে চালক দ্রুতগতিতে গাড়ি চালাতে থাকেন। একপর্যায়ে রাস্তায় একটি পাথরজাতীয় কিছু অটোরিকশার সরু চাকার নিচে পড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একদিকে ছিটকে পড়েন এবং তিনি রাস্তায় পড়ে যান। এরপর অটোরিকশাটি তার ওপর পড়ে।
এলিনা জানান, দুর্ঘটনায় অটোরিকশার চাকার একটি স্ক্রু তার কপালে আঘাত করে। এতে মাথার সামনের অংশে গুরুতর আঘাত পান তিনি। আহত অবস্থায় নিজের হ্যান্ডব্যাগ সঙ্গে নিয়ে অন্য একটি রিকশায় করে নিজেই হাসপাতালে যান। সেখানে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে বিশ্রামে রয়েছেন তিনি।
দুর্ঘটনার পর দেশের সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও হতাশা প্রকাশ করেন এই অভিনেত্রী। বেপরোয়া গাড়ি চালানো, ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি নিয়ে নিজের ক্ষোভের কথা জানান তিনি।
সবশেষে প্রাণে বেঁচে যাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলিনা। তার পোস্টের পর সহকর্মী ও ভক্তদের অনেকেই দ্রুত সুস্থতা কামনা করেছেন।
২০১৪ সালে শাহ আলম কিরণের ‘৭১-এর মা জননী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় এলিনা শাম্মীর। ২০২১ সালে রায়হান রাফীর ‘জানোয়ার’ সিনেমায় অভিনয় করে তিনি আলোচনায় আসেন। এরপর ‘বিউটি সার্কাস’, ‘উনিশ ২০’, ‘লোকাল’, ‘মুজিব’, ‘দরদ’, ‘ছায়াবৃক্ষ’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি নাটকেও নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী।
প্রতিবেদকের নাম 




















