
সরকারি কর্মকর্তাদের কার্যালয়ে প্রবেশের আগে সাধারণত অনুমতি নেওয়ার নিয়ম থাকলেও চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। সেখানে মানুষের জন্য টানানো হয়েছে ব্যতিক্রমী একটি ব্যানার, যাতে লেখা— ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন’। এর নিচে রয়েছে— ‘ধাক্কা দিন’।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ব্যানারটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কাছ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়।
তবে জানা গেছে, ব্যানারটি বুধবার লাগানো হয়নি। এর আগেই হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন তার কার্যালয়ের দরজায় এটি লাগিয়েছিলেন।
ইউএনও কার্যালয়ের প্রধান দরজায় লাগানো ব্যানারটির উদ্দেশ্য সম্পর্কে মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, গ্রামের অনেক মানুষ, বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা সরকারি কার্যালয়ে এসে অনেক সময় সংকোচ ও অস্বস্তিতে পড়েন। কেউ কার্যালয়ের ভেতরে থাকলে অনেকে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করেন।
বিষয়টি লক্ষ্য করার পর তিনি মৌখিকভাবে সবাইকে জানিয়ে আসছিলেন, তার কার্যালয়ে প্রবেশের জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই। কিন্তু এরপরও অনেকের মধ্যে সংকোচ থাকায় সম্প্রতি তিনি ব্যানারটি লাগানোর উদ্যোগ নেন।
তিনি বলেন, মানুষ যেন কোনো দ্বিধা ছাড়াই সরকারি সেবা নিতে তার কার্যালয়ে প্রবেশ করতে পারেন—এটাই ব্যানারটি লাগানোর মূল উদ্দেশ্য।
জনগণের সেবা করাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রধান দায়িত্ব উল্লেখ করে ইউএনও বলেন, তিনি স্বাভাবিকভাবেই বিষয়টি দেখেছেন এবং সেই চিন্তা থেকেই ব্যানারটি লাগিয়েছেন। তবে এটি এত দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হবে, তা তিনি ভাবেননি।
তার এই উদ্যোগের ফলে সরকারি কর্মকর্তার কার্যালয়ে সাধারণ মানুষের সহজ প্রবেশাধিকার এবং সেবা গ্রহণে সংকোচ কমানোর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
প্রতিবেদকের নাম 


























